ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ (বীর বিক্রম)। এটি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন।
এ অধিবেশনে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। এটি বর্তমান বিএনপি সরকারের প্রথম জাতীয় বাজেট। আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। বাজেটের ওপর সরকারি দল, বিরোধীদলসহ সংসদ সদস্যরা আলোচনা করবেন এবং তাদের মতামত তুলে ধরবেন।
দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হবে। এর আগে ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬ খ্রিস্টাব্দের বাজেট) অধিবেশন আহ্বান করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের (দ্বিতীয় অধিবেশন) জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন করা হয়েছে। এ বাজেট অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজউদ্দিন আহমদ (বীর বিক্রম) এ সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন।




