বিদ্যুতের দাম বৃদ্ধির একদিনের মাথায় লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য পুরোনো দাম বহালের আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ সংক্রান্ত প্রস্তাবনা ইতোমধ্যেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, পিডিবির পক্ষ থেকে এ সংক্রান্ত রিভিউ আবেদন জমা দেওয়া হয়েছে।
বিতরণ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত আবেদনটি পর্যালোচনা করা হবে। যেহেতু প্রস্তাবটি গ্রাহকদের স্বার্থে এবং এতে বিদ্যুতের দাম কমানোর বিষয় রয়েছে, তাই এ ক্ষেত্রে গণশুনানির প্রয়োজন হবে না। দ্রুত সময়ের মধ্যেই কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত বুধবার (৩ জুন) বিইআরসি বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে। নতুন দরে আবাসিক লাইফলাইন শ্রেণির গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছিল, যা আগের তুলনায় ৬৯ পয়সা বেশি। এই শ্রেণির গ্রাহকেরা মাসে সর্বোচ্চ ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন। সাধারণত একটি ফ্যান ও এক বা দুটি বাতি ব্যবহারকারী নিম্ন আয়ের পরিবারগুলো এই শ্রেণির অন্তর্ভুক্ত।
এ ছাড়া মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী প্রথম ধাপের গ্রাহকদের জন্য প্রতি ইউনিট মূল্য ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল, যা আগের চেয়ে ৯২ পয়সা বেশি।
তবে নতুন করে মূল্য সংশোধনের উদ্যোগ বাস্তবায়িত হলে লাইফলাইন গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম আগের মতো প্রতি ইউনিট ৪ টাকা ৬৩ পয়সাই থাকবে। একইভাবে প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) গ্রাহকদের প্রতি ইউনিট মূল্য হবে ৫ টাকা ২৬ পয়সা।




