কক্সবাজারে আদালতে মামলায় হাজিরা দিতে আসা সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা লিয়াকত আলী সিকদারসহ সঙ্গে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন । বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে আদালতে যান। হাজিরা শেষে বের হওয়ার পথে তাকে লক্ষ্য করে প্রতিপক্ষের লোকজন গুলি চালায়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা গুলিবিদ্ধ লিয়াকত আলীর ছোট ভাই মোহাম্মদ জায়েদ জানান, রোববার তার বড় ভাইয়ের মামলার হাজিরার দিন ধার্য ছিল। সকালে তারা এজলাসে হাজিরা দিতে যাওয়ার আদালত প্রাঙ্গণের দক্ষিণ পাশের চলাচলের রাস্তায় পৌঁছালে ৬/৭ জনের দুর্বৃত্ত লিয়াকতকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় তিনি (লিয়াকত) আদালতের ভেতরে ঢুকে আত্মরক্ষা করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন হামলাকারীদের ধাওয়া দিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে ধরে পুলিশের কাছে তুলে দেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।




