ট্রাইব্যুনালে চলমান র্যাবের গুম-খুন সংক্রান্ত মামলায় এখন পর্যন্ত কোনো সহায়তা চাওয়া হয়নি। তবে ভবিষ্যতে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।
রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
র্যাব বিলুপ্তি নিয়ে মহাপরিচালক বলেন, র্যাব বিলুপ্ত হবে কি না তা সরকারের বিষয়। তবে আমাদের দায়িত্ব কাজ করা, তা আমরা করব। তিনি আরও বলেন, র্যাবের নিজেদের অপকর্ম গত দেড় বছরে নেই বললেই চলে। র্যাব সঠিকভাবে পরিচালিত হবে। সে বিষয়ে সরকারের নিদর্শন আছে।
আহসান হাবীব পলাশ আরও বলেন, দেশে র্যাবের মতো এ রকম একটি সংগঠন দরকার আছে। তবে রাষ্ট্রের দ্বায়িত্বশীল কাজে র্যাব কাজ করবে। সঠিকভাবে পরিচালিত হলে ভাবমূর্তি বাড়বে। বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত যে সব বিষয় আছে তার জন্য আমাদের পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করা হবে।
জলদস্যু ও জঙ্গিবাদ নিয়ে তিনি বলেন, সারা দেশে জলদস্যুর বিস্তার বাড়ার কথা আমরা শুনেছি। এসব বিষয়ে কাজ করা হচ্ছে। দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আছে কি না তা আমি সরাসরি উত্তর দেবো না। তবে যে বাদই থাক তা নিয়ে আমরা কাজ করব।




