সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়ে৩০ উপজেলায় দেওয়া হচ্ছে হামের বিশেষ টিকা

৩০ উপজেলায় দেওয়া হচ্ছে হামের বিশেষ টিকা

দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হামের বিশেষ টিকাদান কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা এই টিকা পাবে। কেউ আগে পেয়ে থাকলেও চলমান ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় একযোগে এই কর্মসূচি শুরু হয়।

টিকা প্রদানের পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও খাওয়ানো হচ্ছে। তবে এক্ষেত্রে মন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে, ভিটামিন ‘এ’ ক্যাপসুল মূলত অসুস্থ শিশুদের জন্য প্রযোজ্য। এছাড়া যারা বর্তমানে হামে আক্রান্ত, তারা এই মুহূর্তে টিকা নিতে না পারলেও তাদের স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।

বিশেষ এই কার্যক্রমের আওতায় আসা জেলা ও উপজেলাগুলোর মধ্যে রয়েছে বরগুনার পৌরসভা-সদর, পাবনার পৌরসভা-সদর-ঈশ্বরদী-আটঘরিয়া-বেড়া, চাঁদপুরের পৌরসভা-সদর-হাইমচর, কক্সবাজারের মহেশখালী-রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জের পৌরসভা-সদর-শিবগঞ্জ-ভোলাহাট, নেত্রকোনার আটপাড়া, ময়মনসিংহের সদর-ত্রিশাল-তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ি, বরিশালের মেহেন্দিগঞ্জ-বাকেরগঞ্জ, নওগাঁর পোরশা, যোশরের পৌরসভা-সদর, নাটোরের পৌরসভা-সদর, মুন্সীগঞ্জের পৌরসভা-সদর-লৌহজং-শ্রীনগর, মাদারীপুরের পৌরসভা-সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলসিটি, শরীয়তপুরের জাজিরা।

গত শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, সারা দেশ নয়, প্রথম পর্যায়ে টিকা দেয়া হবে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। ব্যাপক আকারে ছড়িয়ে পড়া হাম নিয়ন্ত্রণে এ বিশেষ টিকা কর্মসূচি শুরু হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে অসুস্থ শিশুকে হামের টিকা দেয়া হবে না। তবে হামে আক্রান্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। তিনি আরও জানান, মোট ১৮ জেলার ৩০ উপজেলায় ক্যাম্পেইন চলবে। এসব এলাকায় হামের সংক্রমণ সবচেয়ে বেশি। পরে দেশের অন্য এলাকাতেও শুরু হবে কর্মসূচি।

আরও পড়ুন

সর্বশেষ