শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়তিন ইস্যুতে ইসি ঘেরাও কর্মসূচি ছাত্রদলের

তিন ইস্যুতে ইসি ঘেরাও কর্মসূচি ছাত্রদলের

নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্টের অভিযোগসহ তিন ইস্যুতে নির্বাচন ভবনের বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি চলছে। রোববার (১৮ জানুয়ারি) পূর্ব নির্ধারিত কর্মসূচির আওতায় সকাল থেকে ইসি ভবনের সামনে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

ছাত্রদল জানিয়েছে, পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তে রাজনৈতিক সংশ্লিষ্টতাসহ তিন দাবিতে এই কর্মসূচি। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত আছেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এদিকে আজ সকাল ১০টা থেকে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল শুনানি চলছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি শুরু হয়।

গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৮৪২ জন (আপিলে বাদ চারজন)। এরপর বাছাইয়ে বাদ পড়া ৭২৩ জনের মধ্যে ৫-৯ জানুয়ারি ৬৪৫ জন আপিল করেছেন। ১০-১৭ জানুয়ারি টানা আট দিন আপিলে প্রায় ৪০০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

আজ সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে ৬১১ থেকে ৬৪৫ ও অপেক্ষমাণ আপিলের শুনানি হবে।

ছাত্রদলের ৩ ইস্যু হলো:

১. পোস্টাল ব্যালট-সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচনপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

শেরে বাংলানগর থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, আজ রোববার সকাল থেকে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা ঘটনাস্থলে আছি। ছাত্রদলের নেতাকর্মীরা এখন বক্তব্য দিচ্ছেন।

রাকিব বলেন, আমরা অনানুষ্ঠানিকভাবে গতকাল সিদ্ধান্ত নিয়েছি, নির্বাচন কমিশন ঘেরাও করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এখানে অনেকগুলো ইস্যু রয়েছে। ব্যালট পেপার ইস্যু রয়েছে। এ ছাড়াও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব প্রতিপত্তি ইতোমধ্যে দেখা গেছে।

তিনি আরও বলেন, আমরা আজ জবাবদিহিতা নিশ্চিত করতে এসেছি। যদি এই জবরদস্তিমূলক সিদ্ধান্ত এবং বিশেষ গোষ্ঠীর প্রভাব বন্ধ না হয়, তবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ