দেশে ফেরার পর ঢাকার বাইরে প্রথম সফর হিসেবে উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের উত্তরবঙ্গে নয়টি জেলা সফর করবেন। আগামী ১১ জানুয়ারি এ সফর শুরু হয়ে শেষ হবে ১৪ জানুয়ারি। মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সময়সূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তারেক রহমান টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া সফর করবেন। ওই দিন রাতে তিনি বগুড়ায় অবস্থান করবেন। পরদিন ১২ জানুয়ারি বগুড়া থেকে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর শেষে রাতে রংপুরে ফিরবেন। ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
এই সফরের অংশ হিসেবে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবু সাঈদ, নানি তৈয়বা মজুমদারসহ জুলাই ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবেন এবং দোয়া মাহফিলে অংশ নেবেন। পাশাপাশি জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।




