বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব সংকট নাটক, মানুষ আসলে নিজের ভোট দিতে চায়। রোববার (৯ নভেম্বর) বেলা ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নিজের সংসদীয় আসনে নির্বাচনি প্রচারণা করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আমি ১৯৯১ সাল থেকে নির্বাচন করছি। কখনো হেরেছি কখনো জিতেছি। আপনাদের ছেড়ে কখনো যাইনি। গত ১৫ বছর কোনো নির্বাচন করতে পারিনি। যে সরকার ছিল তারা আমাদের নির্বাচন করতে দেয়নি। সামনে নির্বাচন আসছে এবার আপনারা আপনাদের লোককে ভোট দেবেন।
তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানিরা আমাদের ওপর গণহত্যা চালিয়েছে। ২০২৪ সালেও আন্দোলনে গণহত্যা হয়েছে। দুটোই গণহত্যা। এবার চব্বিশে শেখ হাসিনার নির্দেশে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়েছে।
মির্জা ফখরুল বলেন, খোঁজ নেন কারা পাকিস্তানিদের সঙ্গে সহযোগিতা করে দেশের মানুষ মেরেছে। গণহত্যায় সহযোগিতা করেছে। মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে সবার কাছে ভোট চান ও আমৃত্যু মানুষের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




