চিকিৎসার অভাবে মারা গেছেন নূরুল মজিদ, আমরা কি মরিয়া প্রমাণ করব যে আমরা অসুস্থ?’ আদালতে দাঁড়িয়ে এমন প্রশ্ন তুলেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি অভিযোগ করেছেন, কারাগারে তার চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই।
সোমবার, ৬ অক্টোবর সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মনির হোসেন হত্যা মামলায় তাকে কারাগার থেকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানির সময় দীপু মনি বলেন, আমি অসুস্থ। কারাগারে চিকিৎসা পাওয়া যাচ্ছে না। গত মাসে হাসপাতালে নেয়া হলেও প্রয়োজনীয় পরীক্ষা করা যায়নি। গতকাল হাসপাতালে নেয়ার কথা ছিল, কিন্তু পুলিশ স্কোয়াড না থাকায় নেয়া হয়নি। আজ হাসপাতালে না নিয়ে আদালতে আনা হয়েছে।
তিনি আরও বলেন, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন চিকিৎসার অভাবে মারা গেছেন। এখন আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ?
রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, জেল বিধি অনুযায়ী সাক্ষাতের ও চিকিৎসার সুযোগ আছে। তিনি রাজনৈতিক উদ্দেশ্যে হাসপাতালে যেতে চান।
এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম বলেন, তাহলে কি আমরা চিকিৎসা পাবো না?
শুনানি শেষে আদালত দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে লালবাগ থানার শাওন সিকদার হত্যা মামলায় সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁদের আদালতের হাজতখানায় নেওয়া হয়।




