ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর, তারাই ভোট দিতে পারবেন আগামী নির্বাচনে।
ইসি সূত্র বলছে, রোডম্যাপে উল্লেখ করা হয়েছে ৩০ নভেম্বর চূড়ান্ত করা হবে আগামী নির্বাচনের ভোটার তালিকা। তবে কবে তফসিল কিংবা ভোটগ্রহণ- সে বিষয়ে কিছু উল্লেখ থাকবে না রোডম্যাপে।
নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন ১৪ সেপ্টেম্বর আর চূড়ান্ত প্রজ্ঞাপন ৩০ সেপ্টেম্বর দেয়া হবে। সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ ১৫ সেপ্টেম্বর আর জিআইএস ম্যাপ প্রকাশ ৩০ সেপ্টেম্বর। জেলখানার কারাবন্দিদের কাছে ব্যালট পৌঁছাবে ভোটের ২ সপ্তাহ আগে।
এর আগে ২৭ আগস্ট রোডম্যাপের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এটি ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।




