বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদ ফিরবে না। দেশে আইনের শাসন ও গণতন্ত্র না থাকলে কেউ নিরাপদ নয়। বিভিন্ন মতভেদ থাকবে, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়। জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকা জরুরি।
আজ (বুধবার, ৬ আগস্ট) ‘৫ আগস্ট’ আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তারেক রহমান বলেন, গণতন্ত্রকামী জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। এটা কাজে লাগাতে পারলে দেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। ফ্যাসিবাদের আমলে কোনও রাজনৈতিক দলের সদস্যই নিরাপদ ছিল না। সকলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল।
এজন্য রাষ্ট্র ও সরকারের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক অধিকারের সুষ্ঠু প্রয়োগ করার আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।




