ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনের সামনে মিছিল নিয়ে জড়ো হয়েছেন তার সমর্থকরা। শনিবার (১৭ মে) সকালে মিছিল নিয়ে গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে জড়ো হন তারা।
‘আসিফের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, এমন নানা স্লোগান দেন আন্দোলনকারীরা।
ইশরাকের সমর্থকরা বলছেন, আদালত রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। কিন্তু এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি, তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। এর পেছনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ষড়যন্ত্র রয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়।




