যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিলে দেশটির বাজারে তৈরি পোশাকসহ বাংলাদেশি পণ্যের রফতানি বাড়বে বলে জানিয়েছেন শ্রম সচিব এই এইচ এম সফিকুজ্জামান। সোমবার (২৫ নভেম্বর) মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ট্রেড ইউনিয়ন করতে না দেয়া ও অনৈতিক শ্রম চর্চা বাংলাদেশে বড় সমস্যা জানিয়ে শ্রম সচিব বলেন, এই মুহূর্তে কোনো শ্রমিক অসন্তোষ নেই। আগামী মার্চের আগে শ্রম আইন সংশোধন করা হবে। সেখানে যুক্তরাষ্ট্রের দেয়া পরামর্শের প্রতিফলন থাকবে।
এই এইচ এম সফিকুজ্জামান জানান, ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করাসহ শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিক, মালিক ও সরকারের সম্মিলিত উদ্যোগে দেয়া ১৮ দফার প্রশংসা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। সেইসঙ্গে মার্কিন দাবি মেনে নিলে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকসহ বাংলাদেশি পণ্যের রফতানি বাড়বে।




