স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত পাকিস্তান ও শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ হল। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২৪ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। তাই ১-১ সমতায় শেষ হয়েছে সিরিজ। এর ফলে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখলো শ্রীলঙ্কা। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২১১ রান করে শ্রীলঙ্কা। ম্যাচে বড় সংগ্রহ এনে দিতে ব্যাট করার সুযোগ পাওয়া চার জনেরই অবদান আছে। তবে সবচেয়ে বেশি অবদান উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরার। ইনিংসের শেষ বলে রান আউট হওয়া কুশলের ব্যাট থেকে এসেছে ৮৪ রান। ৫৯ বলের আক্রমণাত্মক ইনিংসটি সাজানো ৫টি চার ও ৪টি ছক্কায়।
তিলকরতেœ দিলশানের (৩৩ বলে ৪৮) সঙ্গে কুশলের মাত্র ৭২ বলে ১০০ রানের উদ্বোধনী জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে শ্রীলঙ্কানদের। তিন নম্বরে নামা সিক্কুগে প্রসন্ন ৮ বলে দুটি করে চার ও ছক্কায় ২১ রান করে বিদায় নেয়ার পর তৃতীয় উইকেটে কুমার সাঙ্গাকারার সঙ্গে ৩৭ বলে ৭৮ রানের আরেকটি দারুণ জুটি গড়েন কুশল। ২১ বলে ৪টি চার ও দুটি ছক্কায় ৪৪ রান করে অপরাজিত থেকে যান সাঙ্গাকারা।
জবাবে ১৮৭ রানে অলআউট হয়ে যাওয়া পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫০ রান উদ্বোধনী ব্যাটসম্যান শারজিল খানের। মাত্র ২৫ বলের ইনিংসটিতে ৫টি চার ও তিনটি ছক্কা। ২৬ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে সোহেল তানভীরের ব্যাট থেকে। প্রথম ম্যাচের জয়ের নায়ক শহীদ আফ্রিদি ১৩ বলে দুটি করে চার ও ছক্কায় ২৮ রান করেন। হেরে গেলেও একটা রেকর্ড ঠিকই করেছে পাকিস্তান। নবম উইকেটে সাঈদ আজমলকে (২০) নিয়ে মাত্র ৩৩ বলে ৬৩ রানের জুটি গড়েছেন তানভীর। টি-টোয়েন্টিতে এটাই রেকর্ড নবম উইকেট জুটি।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২১১/৩(২০ ওভার) (কুশল পেরেরা ৮৪, দিলশান ৪৮, প্রসন্ন ২১, সাঙ্গাকারা ৪৪*; আজমল ২/২৫)
পাকিস্তান: ১৮৭(১৯.২ ওভার) ( শেহজাদ ৮, শারজিল ৫০, হাফিজ ৭, মাকসুদ ১৫, উমর আকমল ০, আফ্রিদি ২৮, উমর আমিন ০, বিলাওয়াল ০, তানভীর ৪১, আজমল ২০, উসমান ২*; সেনানায়েকে ৩/২৭, কুলাসেকারা ২/২৩, থিসারা পেরেরা ২/৩৬, প্রসন্ন ২/৪৫, মালিঙ্গা ১/৩০)
ম্যাচ সেরা: কুশল পেরেরা
সিরিজ সেরা: শহীদ আফ্রিদি।




