চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
চট্টগ্রাম জেলায় আগামী রবিবারের হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম। দলটির আমির আল্লামা শাহ আহম্মদ শফীর প্রেস সেক্রেটারি মনির আহমেদ শুক্রবার বিকালে পূর্ব ঘোষিত রবিবারের এই হরতাল কর্মসূচি প্রত্যাহার করার কথা জানান। মনির বলেন, একই দিন জামায়াতে ইসলাম দেশব্যাপী হরতাল কর্মসূচি ঘোষণা করায় হেফাজতে ইসলাম এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, ২০১০ সাল থেকে হেফাজতে ইসলাম চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেন। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও আগামী ১২-১৩ ডিসেম্বর ইসলামী মহাসম্মেলনের তারিখ নির্ধারণ করেন। সেজন্য হেফাজতের পক্ষ থেকে বিগত ৪ নভেম্বর মাঠ ব্যবহারের জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়। প্রশাসন এই সম্মেলন করার অনুমতি না দেয়ায় আগামী ১৫ ডিসেম্বর বৃহত্তর চট্টগ্রামে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা দেয় হেফাজত।




