সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় প্রকাশ্য দিবালোকে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম আফতাব উদ্দিন তাহসিন (২৬)। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন জানান, বিকেলে গুলির খবর পেয়ে তারা শমসের পাড়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুলিবিদ্ধ একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। চমেক হাসপাতালে চিকিৎসক গুলিবিদ্ধ যুবককে মৃত ঘোষণা করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও তাহসিনের বন্ধু মো. ইসতিয়াক জানান, সাজ্জাদ হোসেন নামে স্থানীয় এক সন্ত্রাসী গত কয়েকদিন ধরে তার বন্ধুকে নানাভাবে হুমকি দিচ্ছিল। মূলত এলাকায় ইট-বালি-সিমেন্টের ব্যবসা না করতেই চাপ দিচ্ছিল তারা। সোমবার এই সাজ্জাদের বিষয়ে একটি প্রতিবেদন দৈনিক পত্রিকায় প্রকাশ পায়। তাহসিন সেটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিল। শেয়ার করার তিনঘণ্টার মধ্যেই তাকে গুলি করে হত্যা করা হয়।

ইসতিয়াক আরও জানান, তাহসিন উদুপাড়া এলাকায় তার ব্যবসার জন্য আনা বালু ও ইট রাখেন। বিকেলের দিকে মজুতের জন্য এক ট্রাক বালি আনা হয়। এ কারণে আফতাব সেখানে আসেন। কিছুক্ষণ পর সেখানে একটি নোহা মাইক্রোবাস আসে। প্রথমে গাড়ির ভেতর থেকে আফতাবকে লক্ষ্য করে একটি গুলি ছোড়া হয়। এরপর সন্ত্রাসী সাজ্জাদ ও তার সহযোগী আরও দুজন গাড়ি থেকে নেমে গুলি করতে থাকে। আশপাশে লোকজন থাকলেও তাদের হাতে অস্ত্র থাকায় কেউ এগিয়ে আসেননি। এসময় সাজ্জাদ অস্ত্র উঁচিয়ে আশপাশের লোকজনকে ধমক দিয়ে চলে যান।

নিহত আফতাবের ছোট ভাই মো. তানভীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিলাপ করতে করতে জানান, সন্ত্রাসী সাজ্জাদের বিরুদ্ধে তার ভাই ফেসবুকে লেখালেখি করতেন। ইট ও বালুর ব্যবসা করতে হলে ভাইয়ের কাছে চাঁদাও চান। এ কারণে জিডিও করেন দুই মাস আগে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এখন নিউজ করে কোনো লাভ নেই।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর নগরের বায়েজিদ বোস্তামী থানার কালারপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে সাজ্জাদ তার দুই সহযোগীকে নিয়ে গুলি করেন। এ ঘটনা সিসিটিভি ফুটেজে উঠে আসে। ভয়ে ভবনমালিকেরা কেউ মামলা করেনি। ওই ঘটনার আগে গত ৩০ আগস্ট একই এলাকায় দুজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। সেই মামলায় আসামি ছিলেন সাজ্জাদ ও তার সহযোগীরা।

আরও পড়ুন

সর্বশেষ