একযোগে দেশের ২৫ জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদায়ন করা হয়েছে। এর মধ্যে বৃহত্তর চট্টগ্রামের চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসক পদে এসেছে পরিবর্তন। সোমবার (৯ সেপ্টেম্বর ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপনে কর্মকর্তাদের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ঘোষিত প্রজ্ঞাপন অনুসারে চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ফরিদা খানম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সালাউদ্দিনকে কক্সবাজার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।
অন্তর্বর্তী সরকার গত ২০ আগস্ট ২৫ জেলা থেকে জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করে নেয়। এসব জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ২০২২ সালের ২৩ নভেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তাঁকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদকে ঢাকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সংযুক্ত উপসচিব মোহাম্মদ কামরুল হাসান মোল্লাকে ফরিদপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পিকেএম এনামুল কবিরকে সিলেট, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরিদুর রহমানকে হবিগঞ্জ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মুফিদুল আলমকে ময়মনসিংহ, স্বাস্ত্যসেবা বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমানকে শেরপুর, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসিচব ফারহানা ইসলামকে কুষ্টিয়া, দুর্নীতি দমন কমিশনের পরিচালক (উপসচিব) মোহাম্মদ আব্দুল আওয়ালকে ঝিনাইদহ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মো. অহিদুল ইসলামকে মাগুরার ডিসি করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রবিউল ফয়সালকে রংপুর, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদকে গাইবান্ধা, দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়ালকে নওগাঁ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মফিজুল ইসলামকে পাবনা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজাকে বগুড়া, বঙ্গবন্ধু হাইটেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সাইদুজ্জামানকে জয়পুরহাটের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব ইশতিয়াক আহমেদকে নোয়াখালী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিনকে চাঁদপুর, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব নাসিমা আরেফীনকে গাজীপুর, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিরুল কায়সারকে কুমিল্লায় নিয়োগ দেওয়া হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেনকে মৌলভীবাজার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসিচব মোহাম্মদ সাইফুল ইসলামকে খুলনা এবং ঢাকা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্মাানকে গোপালগঞ্জের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।




