চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
নগরীর কোতোয়ালি থানার আন্দরকিল্লা মোড়ে আওয়ামী লীগের অরবোধ বিরোধী সমাবেশে হামলা চালিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা। এসময় তারা সমাবেশ স্থলে পরপর তিনটি ককটেল বিস্ফোরণে করেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর আন্দরকিল্লা মোড়ে আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অবরোধ বিরোধী সমাবেশ করছিলেন। এসময় ওই সমাবেশে অর্তকিতভাবে হামলা চালায় এবং পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা ধাওয়া দিলে জামায়াত-শিবির তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। খবর পেয়ে চেরাগী পাহাড় মোড়ে অবস্থানরত গণজাগরণ মঞ্চের কর্মীরা ও আওয়ামী লীগ মিলে জামায়াত-শিবিরকে ধাওয়া দিলে জামায়াত-শিবির দেওয়ান বাজার দিকে পিছু হটে। এসময় তারা একটি অ্যাম্বুলেন্সসহ কয়েকটি গাড়িতে ভাংচুর এবং আগুন ধরিয়ে দেয়।
কোতোয়ালি থানার ওসি তদন্ত নেজাম উদ্দিন বলেন,‘ জামায়াত-শিবির সমাবেশে হামলা চালালে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কোতোয়ালি জোনের সহকারী কমিশনার সায়েম মাহমুদ আহত হয়েছেন।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়েছে বলে তিনি জানান।
ঘটনাস্থলে অবস্থান করে দেখা গেছে, জামায়াত-শিবির দেওয়ানবাজার দিয়ে যাওয়ার সময় সড়কের বিভিন্ন অংশে টায়ার জ্বেলে এবং বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া দেওয়ান বাজারের দিদার মার্কেট এলাকায় সাফা অর্কেডের সামনে বিটিসিএল’র একটি টেলিফোন বক্সে আগুন ধেরিয়ে দিয়েছে জামায়াত শিবির কর্মীরা।
এদিকে এ ঘটনায় জামালখানসহ এর আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আতঙ্ক পথচারীদের ছুটাছুটি করতে দেখা গেছে। বিভিন্ন দোকানপাটও বন্ধ করতে দেখা গেছে।




