ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
প্রধান নির্বাচন কশিনার কাজী রকিব উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় ও কমনওয়েলথ বিষয়ক জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ারসি। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছান সাঈদা ওয়ারসি। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ওয়ারসি আগামী মাসে নির্ধারিত জাতীয় নির্বাচন কেন্দ্রিক চলমান রাজনৈতিক সংকট নিয়ে ইসির সঙ্গে আলোচনা করবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও ওয়ারসি বৈঠক করবেন। এসব বৈঠকের উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছেছেন ওয়ারসি। কয়েক ঘণ্টার সফর শেষে বৃহস্পতিবার রাতেই তিনি আবার ঢাকা ছাড়বেন। জানা যায়, গত ৩ নভেম্বর ব্যারোনেস ওয়ারসির বাংলাদেশে আসার কথা থাকলেও তা স্থগিত করা হয়। এটি মন্ত্রী ওয়ারসির দ্বিতীয়বারের মতো ঢাকা সফর। এর আগে তিনি গত এপ্রিল মাসে ঢাকা সফর করেছিলেন। সে সময় তিনি রাজনৈতিক দলগুলোকে সংলাপের তাগিদ দেন। এছাড়া তিনি সে সময় কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না করে বরং ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করার ওপরও গুরুত্বারোপ করেন।
প্রসঙ্গত, আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে চলমান রাজনৈতিক সংকট এবং সহিংসতায় প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে ঢাকায় বিদেশি কূটনীতিকদের উপস্থিতি বেড়েছে।




