শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের অবর্তমানে দায়িত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পালন করবেন কমিশনের মোহসিন চৌধুরী। চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করায় রোববার থেকেই চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন মোহসিন চৌধুরী।
রোববার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত অফিস আদেশে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
মু. মোহসিন চৌধুরী রাউজানের কদলপুর ইউনিয়নের ফতেহ আলী চৌধুরী বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম নুরুল আলম চৌধুরী ও মরহুমা খালেদা বেগমের দ্বিতীয়পুত্র। তিনি চট্টগ্রামের জনহিতৈষী প্রখ্যাত জমিদার মরহুম সুলতান আহমদ চৌধুরী দৌহিত্র।
মু. মোহসিন চৌধুরীর জ্যেষ্ঠ ভাই হলেন সাবেক কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল ও সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী ও ছোট ভাই চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম চৌধুরী।
দুই সন্তানের জনক মু. মোহসিন চৌধুরী ১৯৯৩ সালের বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। তিনি ২০২৩ সালের ৫ জুলাই সচিব পদমর্যাদায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদ থেকে অবসরে যান।




