শেখ হাসিনা সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান পদত্যাগ করেছেন। বুধবার (৭ আগস্ট) তিনি নির্বাহী পরিচালক-১ এর কাছে দায়িত্ব অর্পণ করে পদত্যাগ করেন।
কাজী ছাইদুর রহমান ২০২০ সালের ২২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হন। ডেপুটি গভর্নর হিসেবে তিনি বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগ ছাড়াও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, ঋণ ব্যবস্থাপনা বিভাগ, দুটি ব্যাংকিং পরিদর্শন বিভাগ, মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ, ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি ও গ্রাহক পরিষেবা বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, মানবসম্পদ বিভাগ ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব পালন করছেন।
ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার আগে কাজী ছাইদুর রহমান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ হিসেবে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ইন্সপেকশন ডিপার্টমেন্ট, গৃহায়ন তহবিলের দায়িত্বসহ বাংলাদেশ ব্যাংক পরিচালক পর্ষদের সচিব পদের দায়িত্বে ছিলেন। নির্বাহী পরিচালক হিসেবে ইতোপূর্বে তিনি বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসসহ ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট, ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের তত্ত্বাবধানেও ছিলেন।




