ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি হয়েছে। রোববার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নিবন্ধক এ কে এম নাসির উদ্দিন এই তথ্য জানিয়েছেন। লাল কাপড়ে মোড়া পরোয়ানা বিকালে কারা কর্তৃপক্ষের কাছে নিয়ে গেছেন ট্রাইব্যুনালের উপনিবন্ধক অরুণাভ চক্রবর্তী।
এদিকে রায় পুনর্বিবেচনার আপিলের বিষয়ে কাদের মোল্লার আইনজীবী তাজুল ইসলাম বলেছেন, ‘যেদিন সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হয়েছে, সেদিনেই পূর্ণাঙ্গ রায়ের সার্টিফাইড কপি চেয়ে আপিল বিভাগে একটি আবেদন করা হয়েছে। আমরা সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর রিভিউ পিটিশন দায়ের করব। এক্ষেত্রে সংবিধান অনুযায়ী ৩০ দিন সময় দেয়া থাকলেও যতক্ষণ পর্যন্ত সময় লাগবে আমরা ততক্ষণ পর্যন্ত সময় নেব। ৩০ দিনের আগে সাজা কার্যকর করার কোনো অধিকার কারা কর্তৃপক্ষের নেই।’ তিনি বলেন, ‘জেল কোড অনুযায়ী ১৫ দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করার সুযোগ রয়েছে।’
কিন্তু রাষ্ট্রপক্ষ ও সরকার বলছে, ‘জেল কোড অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর সাজা কার্যকরের ক্ষেত্রে ২১ দিনের আগে নয়, আবার ২৮ দিনের পরে নয়’ এমন যে বিধান রয়েছে তা কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কারণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২০(৩) ধারায় বলা হয়েছে, ট্রাইব্যুনালের দেয়া সাজা কার্যকর করবে সরকার। তাই এক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।’ ক্ষমা ভিক্ষা চাইলে এই জামায়াত নেতাকে কারা কর্তৃপক্ষের মাধ্যমে সাত দিনের মধ্যে আবেদন জানাতে হবে। তার আবেদন প্রত্যাখ্যাত হলে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।




