সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনইসি’র নির্দেশে সিএমপিতে চারটি পদে রদবদল

ইসি’র নির্দেশে সিএমপিতে চারটি পদে রদবদল

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

নির্বাচন কমিশনের নির্দেশে চট্টগ্রাম নগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের চারটি পদে রদবদল করা হয়েছে। রোববার সকালে নগর পুলিশ কমিশনার মো.শফিকুল ইসলামের নির্বাহী ক্ষমতাবলে রদবদলের এ আদেশ দেন। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল অবরোধে নগরীর একে খান মোড় এলাকায় সহিংসতা মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ উঠার পর নগর পুলিশে এ রদবদলের ঘটনা ঘটল।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বলেন, ‘স্বাভাবিক দাপ্তরিক প্রক্রিয়ায় উপ কমিশনার ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনারের চারটি পদে রদবদল করা হয়েছে। আশা করছি এ রদবদলের মাধ্যমে আমরা নগরবাসীকে আরও উন্নত সেবা দিতে পারব।’ এ বদলি স্বাভাবিক কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এটি স্বাভাবিক বদলি নয়।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম জোন) সুজায়েত ইসলামকে বদলি করে ট্রাফিক বিভাগের উপ কমিশনার(বন্দর জোন) করা হয়েছে। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম জোন) আরেফিন জুয়েলকে বদলি করে ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ কমিশনার(বন্দর জোন) করা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক বিভাগের উপ কমিশনার(বন্দর জোন) নীহার রঞ্জন হাওলাদারকে উপ কমিশনার (পশ্চিম জোন) করা হয়েছে। নগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ কমিশনার(বন্দর জোন) এস এম তানভীর আরাফাতকে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পশ্চিম জোন) করা হয়েছে।

পুলিশ সুত্র জানায়, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের কয়েক দফা অবরোধ ও হরতাল কর্মসুচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কর্ণেলহাট, সিটি গেইট, একে খান মোড় ও ইস্পাহানি মোড় রেলগেইট এলাকা। এসময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

দ্বিতীয় দফা অবরোধে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতেও দেখা গেছে। এসব ঘটনায় পুলিশ সদস্যসহ শতাধিক আহত হয়েছে। এসব সহিংসতার ঘটনায় পুলিশের ব্যর্থতা নিয়ে অভিযোগ উঠে। পুলিশের অভ্যন্তরীণ তদন্তেও সহিংসতা ঠেকাতে ব্যর্থতার প্রমাণ মেলে।

অব্যাহত সহিংসতার মধ্যে প্রায় দেড় সপ্তাহ আগে নির্বাচন কমিশন থেকে সিএমপি’র উদ্ধর্তন কর্মকর্তাদের ফোন করে অসন্তোষ প্রকাশ করা হয়। এরপর গত ৫ ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে তাদের বদলির আদেশ দেয়া হয়। পুলিশ সদর দপ্তর থেকে ৭ ডিসেম্বর তাদের বদলির আদেশ আসে সিএমপিতে। এরপর রোববার সকালে এ রদবদলের আদেশ দেন সিএমপি কমিশনার।

আরও পড়ুন

সর্বশেষ