বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে শেরে বাংলা নগর এলাকায় জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে বিভিন্ন স্লোগান দিতে থাকেন- ‘লাল সবুজের পতাকায়, জিয়া তোমায় দেখা যায়’, ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘জিয়া তোমার স্মরণে ভয় করি না মরণে’, ‘জিয়া আমার চেতনা, জিয়া আমার বিশ্বাস’।
সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফেরাতের জন্য তার মাজার জিয়ারত করেছি। আমরা দোয়া করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য ও তার মুক্তির জন্য।
তিনি বলেন, আমরা দোয়া করেছি বর্তমানে চলমান আন্দোলনে সারাদেশের মানুষ যার দিকে তাকিয়ে আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও তার দেশে ফিরে আসার জন্য। আমরা দোয়া করেছি, আমাদের শত শত নেতাকর্মী যারা কারাগারে আটক রয়েছেন তাদের মুক্তির জন্য। আমাদের গণতন্ত্রের আন্দোলনে যে সকল নেতাকর্মী শাহাদতবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেছি। মামলা-মোকদ্দমায় যারা নির্যাতিত-নিপীড়িত হচ্ছেন তাদের মুক্তির জন্য আমরা দোয়া করেছি।
বিএনপি মহাসচিব বলেন, আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত, একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার জন্য শাসকগোষ্ঠী আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কলাকৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে-তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে।
তিনি বলেন, ‘আমরা আজ শাহাদাতবার্ষিকীতে শপথ নিয়েছি, যুবক-তরুণ লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব এই হচ্ছে আজকের দিনের শপথ’।




