দ্বাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি জনাব সাইফুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে আজ রোববার (৫ মে) বিকাল তিনটায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য ও ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, মো: শাহাব উদ্দিন এমপি, বেনজীর আহমেদ এমপি, মো: আশরাফুজ্জামান এমপি, কোহেলী কুদ্দুস এমপি, রুমা চক্রবর্তী এমপি, বেগম সাগুফতা ইয়াসমিন এমপি এবং অনুপম শাহজাহান জয় এমপি এতে অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠকে উপস্থিত সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
এছাড়াও বৈঠকে ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ এর বিধিমালা দ্রুত তৈরি, নদ-নদী ও কৃষি জমির সুরক্ষার জন্য বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ, যে সকল জায়গায় কর্মকর্তা পদায়ন নেই সেসব জায়গায় দ্রুত কর্মকর্তা পদায়ন ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো: খলিলুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভূমি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয় এবং মন্ত্রণালয়ের ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থায় চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ভূমি সচিব মোঃ খলিলুর রহমান।
কমিটির সদস্যবৃন্দ ডিজিটাল ভূমিসেবা, খাসজমি রক্ষা, কৃষিজমি সুরক্ষা, বাংলাদেশ ডিজিটাল জরিপ, জলমহাল রক্ষণাবেক্ষণ, ভূমি আইন ও বিধি ইত্যাদি বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
কমিটির সদস্য ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ তার বক্তব্যে অন্যান্য বিষয়ের সাথেসাথে খাদ্যনিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় দুই ও তিন ফসলী কৃষিজমি রক্ষার ব্যাপারে ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের বিবিধ কার্যক্রমের ব্যাপারে আলোকপাত করেন।
কমিটির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা দ্রুত জারির উপর গুরুত্বারোপ করেন।
এসময় ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এসময় শিগগিরই অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা জারি করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এর আগে বৈঠকের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ শহীদ পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।




