মঙ্গল-বুধ-বৃহস্পতি টানা তিনদিন একযোগে হরতাল ও অবরোধের ডাক দিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করার পরপরই এই হরতালের ডাক দেওয়া হবে জোটের পক্ষ থেকে। নির্বাচনের তফসিল হলে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়ে আসছে বিএনপি। তারই অংশ হিসেবে একযোগে এই হরতাল-অবরোধের ঘোষণা আসছে।
এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে এবং তৃণমূলে এই হরতাল পালনের নির্দেশনাও চলে গেছে বলে জানিয়েছে, বিএনপি’র নীতি-নির্ধারক সূত্র। দলীয় সূত্র জানায়, হরতাল ও অবরোধ উভয় কর্মসূচিই একযোগে পালন করা হবে। অন্য যেকোনো হরতালের চেয়ে কঠোরভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে ১৮ দল, তেমনটাই জানিয়েছেন নেতারা।




