ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। নির্বাচন কমিশন সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সোমবার সকাল ১১টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে তাদের বৈঠক হয়। বৈঠকে সিইসির জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
গত শুক্রবার একজন নির্বাচন কমিশনার বলেছিলেন, সোমবারের (আজ) মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর মধ্যে গত শনিবার বনানীর একটি বাড়িতে গোপন বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ বৈঠকের পরদিন গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, তাঁরা তফসিলের আগে প্রধান দুই দলের মধ্যে সমঝোতা চান। সিইসির এই বক্তব্যে বিএনপি কিছুটা আশাবাদী।
বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বনানীর গোপন বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে অনুরোধ করেছেন তফসিল ঘোষণা আপাতত স্থগিত রেখে অন্তত এক সপ্তাহ পেছানো হোক। অন্যদিকে সৈয়দ আশরাফ আলোচনার ক্ষেত্রে তফসিল কোনো সমস্যা হবে না বলে ফখরুলকে জানিয়েছেন।




