মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়নির্বাচন কমিশন বৈঠকে বসেছে

নির্বাচন কমিশন বৈঠকে বসেছে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সোমবার নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ এই ঘোষণা দেবেন। এরপরপরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। বেলা পৌনে তিনটায় আনুষ্ঠানিক বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সিইসি’র নেতৃত্বে এই বৈঠকে অংশ নিয়েছেন নির্বাচন কমিশনার ও কমিশনের কর্মকর্তারা। রয়েছেন বিটিভি’র ও বাংলাদেশ বেতারের মহাপরিচালকদ্বয়ও।

কমিশন সচিবালয়ে বিরাজ করছে তফসিল ঘোষণার আবহ। এর আগে সকাল ১১টায় এক দফা বৈঠক করেছে কমিশন। বিকেলের বৈঠককে অনেকটা আনুষ্ঠানিকতা হিসেবেই দেখা হচ্ছে। সূত্র জানিয়েছে বৈঠকের পরপরই তফসিল ঘোষণা করতে পারেন সিইসি। এরপর সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। জাতির উদ্দেশে সিইসি’র ভাষণের প্রস্তুতিও রয়েছে কমিশনে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের প্রোডাকশন টিমও রয়েছে নির্বাচন কমিশনে।

এর আগে রোববারই জানানো হয়, তফসিলের পুরো প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিলের দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেবেন, চূড়ান্ত হয়েছে সেটির খসড়াও। ৫ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও কমিশনসূত্র আগেই জানায়।

এরই মধ্যে পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার রোববার সন্ধ্যায় এক চিঠির মাধ্যমে ইসিকে নির্বাচনী যাবতীয় নিরাপত্তা দেওয়া ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিশ্চয়তা দিয়েছেন। তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে কড়া নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এর আগে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট হুমকি দিয়েছিল, তফসিল ঘোষণা করা হলে সারাদেশ অচল করে দেওয়া হবে। এ নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

বিএনপি কার্যালয়ে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, বিএনপিকে বাদ দিয়ে একতরফা নির্বাচনের এই তফসিল ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সারাদেশে এর প্রতিবাদ হবে। প্রতিবাদ বিক্ষোভের জন্য নতুন করে কোনো ঘোষণার প্রয়োজন হবে না, আগের নির্দেশনা অনুযায়ীই বিএনপিসহ ১৮ দলীয় জোট এই তফসিল ও নির্বাচন প্রতিহত করবে বলে জানান বিএনপি নেতারা।

আরও পড়ুন

সর্বশেষ