রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযানে ধানমন্ডির গাউছিয়া টুইন পিক টাওয়ারে অনুমোদনহীন ও নকশাবহির্ভূতভাবে নির্মাণ করা ১২টি রেস্তোরাঁ সিলগালা করা হয়েছে। রেট্রো লাইভ কিচেন নামের রুফটপ রেস্টুরেন্টটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া জরিমানা করা হয়েছে ১টি রেস্তোরাঁকে। টুইন পিক টাওয়ারে রেস্টুরেন্ট করার অনুমোদন নেই। অফিসের জন্য অনুমোদিত এই ভবনে অবৈধভাবে চলছিল রেস্টুরেন্ট ও ফুডকোর্ট। সোমবার (৪ মার্চ) ভবনটিতে অভিযান পরিচালনা করার পর এমন সিদ্ধান্তের কথা জানান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।
এদিন সকাল ১১টায় ভবনটিতে অভিযান পরিচালনা শুরু করে রাজউক। পরে ভবনটির ছাদে নকশাবহির্ভূতভাবে গড়ে তোলা রেট্রো লাইভ কিচেন নামের রুফটপ রেস্টুরেন্টটি গুঁড়িয়ে দেওয়া হয়।
তাজিনা সারোয়ার বলেন, আমরা ছাদের রেস্টুরেন্ট ভেঙে দিয়েছি। রাজউকের নকশায় স্পষ্টত এখনো দেখানো হচ্ছে ভবনের ছাদ খোলামেলা। তারপরও কীভাবে এখানে রেস্টুরেন্ট করা হয়েছে সেটি আমাদের বোধগম্য নয়।




