চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নির্বাচনী জনসভায় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্ব দরবারে রোল মডেল। তারই ধারাবাহিকতায় আনোয়ারার প্রত্যন্ত অঞ্চলেও মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে। উপকূলবাসীর জানমাল রক্ষায় ৩শ ৮৪ কোটি টাকা ব্যয়ে ৮ হাজার ৪৪৪ মিটার বেড়িবাঁধ আরসিসি ব্লক বসানো হয়েছে। যার সুফল এলাকাবাসী ভোগ করছে। পাশাপাশি এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামোসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি উন্নয়নের প্রতীক নৌকায় ভোট প্রার্থনা করি। আগামীতে আমি নির্বাচিত হলে এলাকায় শান্তি আর উন্নয়ন দুটোই পাবেন আপনারা এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমি আমার মরহুম বাবার মত আপনাদের অভিভাবকের দায়িত্ব পালন করি। আমি আপনাদের সেবা করতে এসেছি। ভালোবাসা ছাড়া আর কিছু নিতে আসেনি, আমি আপনাদের উন্নয়ন দিতে এসেছি।
বুধবার আনোয়ারর রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আমিন শরীফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবু ছৈয়দ, সাবেক চেয়ারম্যান জানে আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগ নেতা হাফেজ মো. আবুল হাসান কাশেম, ওসমান গণি, এস এম জামাল উদ্দিন, ব্যাংকার আবুল হোসেন, আবু সাদেক চৌধুরী খোকন, আলমগীর আজাদ, আব্দুল জব্বার, মো. ইসমাইল, মোবারক হোসেন, মোহাম্মদ ফোরকান, আশরাফদৌল্লাহ রিপন, জালাল উদ্দিন, জামাল উদ্দিন প্রমুখ।




