ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. ফয়েজুর রহমান চৌধুরী বলেছেন, কানাডা থেকে পদ্মাসেতুর ব্যাপারে কোনো তথ্য-উপাত্ত দেওয়া হয়নি। কানাডার কাছে বাদী-বিবাদী ছাড়া তথ্য পাওয়া খুবই কঠিন। পদ্মাসেতু দুর্নীতির বিষয়ে আমাদের কাছে যথাযথ কোনো তথ্য-উপাত্ত নেই। আর বিদেশ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা খুবই দুষ্কর। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত মাসিক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তারেক রহমানের অর্থপাচার মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, তার বিরুদ্ধে যথাযথ তথ্য উপস্থাপন করা হয়েছে। তারপরও তিনি কেন খালাস পেলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে পারবো না।




