সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ অধ্যাপক ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী কর্তৃক সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারী কর্তৃক অর্থায়নে উক্ত বিতরণ অনুষ্ঠান শুক্রবার বিকাল ৫টায় সাতকানিয়ার আল্লামা ফজলুল্লাহ ও রহিমা খাতুন পাঠাগারের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক ও মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম সেলিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ অধ্যাপক ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হারেজ মুহাম্মদের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সদস্য ফরিদুল আলম,কেন্দ্রীয় আওয়ামী মহিলা লীগের সদস্য রিজিয়া রেজা চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আরাফাত ছিদ্দীকি, জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুচ্ছফা কোম্পানি, রাজনীতিবিদ কামরুল আলম চৌধুরী, গোলাম ফেরদৌস রুবেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মন্নান প্রমুখ। বিতরণ সভায় এমপি নদভী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও মানবতার মা শেখ হাসিনার নির্দেশে সাম্প্রতিক সময়ে সাতকানিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সাহায্য ও সহযোগিতার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে।
তারই ধারাবাহিকতা এখনো পর্যন্ত সাহায্যে চলমান আছে। আজকের এ আয়োজন বন্যায় ক্ষুদ্র ক্ষতিগ্রস্তদের জন্য। আরো বড় বড় অনুদান ও সাহায্য আসবে সরকারি-বেসরকারিভাবে। আপনারা সকলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। অনুষ্ঠানে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ১০২ জনকে নগদ ৬ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ১২ হাজার টাকা বিতরণ করা হয়।




