সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপসিএজি মো. নুরুল ইসলামের শপথ গ্রহণ

সিএজি মো. নুরুল ইসলামের শপথ গ্রহণ

বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নুরুল ইসলাম আজ বুধবার বিকেলে শপথ গ্রহণ করেছেন। তাঁকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শপথ বাক্য পাঠ করান।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত এই অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্ট প্রশাসন, সিএজি কার্যালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার এক চিঠিতে আজ বুধবার যে শপথ গ্রহণ হবে, তা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) পদে দায়িত্ব পালন করে আসছিলেন নুরুল ইসলাম। এ পদে থাকা অবস্থায় ১৩ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৭(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে বাংলাদেশের সিএজি নিয়োগ দেন রাষ্ট্রপতি। শপথ গ্রহণের পর তিনি ১৭ জুলাই বিদায় নেওয়া সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।

শপথ গ্রহণের পর নতুন সিএজি মো. নুরুল ইসলাম আজ সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, তিনি এই সাংবিধানিক দায়িত্ব সুচারুভাবে পালন করবেন। সিজিএ পদ থেকে কবে পদত্যাগ করলেন, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পদত্যাগ করতে হয়নি। আইনকানুন অনুসরণ করেই আমি আজ শপথ নিয়েছি।’

নতুন সিএজি নুরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে পাঁচ বছর বা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হবে, সে সময় পর্যন্ত সিএজি পদে দায়িত্ব পালন করবেন। তিনি অষ্টম বিসিএসের কর্মকর্তা। ১৯৮৯ সালে তিনি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে নিয়োগ পান। নুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন

সর্বশেষ