বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ব্যবসায়ী ঐক্যপরিষদের প্যানেল পরিচিতি ও আলোচনাসভা। সোমবার (১৭ জুলাই) চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর মেজবান হলে আয়োজিত এই সভা থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আগামী ৩১ জুলাই এফবিবিসিআই-এর নির্বাচনে ব্যবসায়ী ঐক্যপরিষদকে পূর্ণ প্যানেলে নির্বাচিত করতে ব্যবসায়ী মহলের প্রতি আহ্বান জানানো হয়। ব্যবসায়ী ঐক্যপরিষদের প্যানেল লিডার ও চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলমের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক প্রেসিডেন্ট ও সংসদ সদস্য এম এ লতিফ।
সংসদ সদস্য এমএ লতিফ বলেছেন, চট্টগ্রাম চেম্বারের পাঁচবারের সভাপতি মাহবুবুল আলম ব্যবসায়ীদের সুখ দুঃখের সাথি। এফবিসিসিআইর নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি। বঙ্গবন্ধু কন্যা উনাকে মনোনয়ন দিয়েছেন।
মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান বলেন, আশাকরি মাহবুব ভাই বাংলাদেশের ব্যবসায়ীদের নেতা। চট্টগ্রামের মানুষ দেশকে ভালোবাসে। সব ব্যবসায়ীরা উপকৃত হবে মাহবুব ভাইয়ের হাত ধরে। প্রধানমন্ত্রীর সহায়তায় ব্যবসায়ীদের সমস্যার সমাধান করবেন। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়েছেন। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়েছেন। শিল্প হলে কর্মসংস্থান হবে।
পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্দেশে বলেন, আপনারা বাংলাদেশের লিডার। মাহবুবুল আলম গ্রেট লিডার। আপনারা সোনার বাংলাকে হীরের বাংলা করবেন। আপনারা জাতির জন্য, মানুষের জন্য কাজ করবেন। কোভিডকে মোকাবিলা করেছেন বিশ্বনেত্রী শেখ হাসিনা।
চট্টগ্রাম উইম্যান চেম্বার সভাপতি মনোয়ারা হাকিম আলী বলেন, প্রধানমন্ত্রীর নজর চট্টগ্রামে আছে। উনি আছেন বলেই চট্টগ্রামকে সমৃদ্ধ করছেন। টানেল উদ্বোধন হবে। মাহবুবুল আলম নারীবান্ধব ব্যবসায়ী নেতা। কথা কম বলেন, কাজ করেন বেশি। ব্যবসায়ী ঐক্য পরিষদের সবাই সফল ব্যবসায়ী। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে এসএমই খাত অবদান রাখবে। আপনারা মাহবুব ভাইয়ের পূর্ণ প্যানেলে ভোট দেবেন।
বিজিএমইএ প্রথম সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ব্যবসার গতি বাড়াতে কাজ করেছেন মাহবুবুল আলম। বঙ্গবন্ধু কন্যা যার ওপর আস্থা রেখেছেন। চট্টগ্রাম অনেক গুরুত্বপূর্ণ দেশের জন্য। বিজিএমইএ অনেক সমস্যা মোকাবেলা করছে। বে টার্মিনাল যাতে দ্রুত এগিয়ে সে ব্যবস্থা নিতে হবে।
সভার আয়োজক চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল লিডার মাহবুবুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে একদিনের জন্য হরতাল হয়নি। একদিনের জন্য বন্দর বন্ধ হয়নি। রাজনৈতিক স্থিতিশীলতার কারণে ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন। আমাকে দায়িত্ব নিতে দেন। আপনারা যে সমস্যার কথা বলেছেন, আমি প্রতিটা সমস্যার সমাধান করব। তবে আমাদের প্রধান কাজ হল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে সম্প্রসারণ করা।
স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ সভাপতি তরফদার মো. রুহুল আমিন। তিনি বলেন, আইকনিক বিজনেস লিডার মাহবুবুল আলম এফবিসিসিআইর ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল লিডার নির্বাচিত হয়েছেন। তিনি চমৎকার ব্যবসায়ী নেতা। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য তিনি ধারণ করেন। তাঁর আন্তরিকতার কারণে প্যানেল লিডার মনোনীত করেছেন।
বাংলাদেশকে আগামীতে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে রূপান্তর করতে চাই আমরা। মীরসরাই শিল্পনগরে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। মাহবুবুল আলমের নেতৃত্বে চট্টগ্রাম হবে লজিস্টিক হাব। এসএমই ও নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে কাজ করতে হবে। ব্লু ইকোনমিতে বিরাট সম্ভাবনা আছে, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির জন্য একে কাজে লাগাতে হবে। বিনিয়োগের কেন্দ্রবিন্দু হবে চট্টগ্রাম। মাতারবাড়ীতে পাওয়ার ও শিপিং হাব হবে।
তিনি বলেন, চট্টগ্রাম চেম্বারসহ সব চেম্বারকে সহযোগিতা করবেন বলে আশাকরি। হেভি ইন্ডাস্ট্রির সমস্যা সমাধানে এফবিসিসিআইয়ের সঙ্গে চট্টগ্রাম চেম্বার কাজ করতে চায়।
চিটাগাং চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তরফদার রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, বারভিডার হাবিব উল্লাহ ডন, বিজিএমইএ নেতা এমএ ছালাম, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ, সীকম গ্রুপের আমিরুল হক, দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মির গ্রুপের আবদুস সালাম, বাফার সহ সভাপতি খায়রুল আলম সুজন, ফ্রোজেন ফুড অ্যাসোসিয়েশনের মাহবুব রানা, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের রাকিবুল টুটুল, লবণ মিলস মালিক সমিতির নুরুল কবির, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশেনর এমএ বকর, চট্টগ্রাম চেম্বারের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, বিভাগীয় পণ্য পরিবহন সমিতির আবদুল মান্নান, শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের মাস্টার আবুল কাশেম, ফার্নিচার মালিক সমিতির মো. মাসুদুর রহমান, দোকান মালিক সমিতির সভাপতি ছালামত আলী, সালেহ আহমদ সোলেমান, সিঙ্গাপুর বাংলাদেশ চেম্বারের সভাপতি বাবুল আকতার প্রমুখ।
আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে এফবিসিসিআইয়ের নির্বাচন। সে নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদ ও সম্মিলিত পরিষদ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। তবে সম্মিলিত পরিষদের কোন প্যানেল লিডার না থাকলেও ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলে লিডার হিসেবে আছেন চট্টগ্রামের সন্তান মাহবুবুল আলম।




