দেশের স্বনামধন্য চিকিৎসক ও প্রথিতযশা গাইনী এন্ড অবস্ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এমএ তাহের খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১৬ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অধ্যাপক ডা. এমএ তাহের খান ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। জানা গেছে, তাঁর নামাজে জানাজা আজ (রবিবার) বাদ আছর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে। এদিকে, তাঁর মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রামের বিশিষ্টজনেরা।




