ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজধানীর আজিমপুরে একটি বাসা থেকে বিপুল পরিমাণ হাত বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বেলা ১টার দিকে আজিমপুর গোরস্থানের পাশে ইরাকি মাঠ সংলগ্ন একটি টিনশেড বাসায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। ১৫২/১, নিউ পল্টন লাইনের ওই বাসাটি যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ গুলজার হোসেনের। গুলজারের ভাতিজা শেখ মনসুর আলী বাসা দেখাশুনা করেন। তাদের বাড়ি গোপালগঞ্জ সদরে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাকিম ঢাকাটাইমসকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। সেখানে দেড় শতাধিক হাতবোমা, বিপুল পরিমাণ সালফার, মারবেল, কাচের টুকরো ও স্কচটেপসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে। অভিযানের সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট এলাকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’
ডিবি পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ পরিদর্শদক মো. শফিউদ্দিন ঢাকাটাইমসকে বলেন, ‘উদ্ধার করা জিনিসগুলোর মধ্যে ১৬৭টি হাতবোমা, এক কেজি বিস্ফোরক পাউডার (ইয়েলো পাউডার), আধা বস্তা মার্বেল ও ২০টি পটকা রয়েছে।’




