ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপি স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেছেন, ‘চলমান সংকট নিরসনের একমাত্র পথ নির্বাচনকালীন সময়ের জন্য একটি নির্দলীয় সরকার প্রতিষ্ঠা। মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু এখন গোটা জাতি উম্মুখ হয়ে অপেক্ষা করছে প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য।’ সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল এক অনুষ্ঠানে বলেছেন, দেশের শান্তির জন্য পদত্যাগ করতেও তিনি রাজি। দেশের মানুষ এখন সেজন্যই প্রতীক্ষা করছে। আমরা মনে করি, মন্ত্রীদের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীরও পদত্যাগ করা উচিত্। তা হবে ইতিবাচক পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি পদক্ষেপ।’
টানা ৮৪ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে সারাদেশে ‘সর্বাত্মক হরতাল’ চলছে বলেও দাবি করেন বিএনপির এই যুগ্ম মহাসচিব। রবিবার ভোর থেকে ১৮ দলীয় জোটের এই হরতাল শুরু হয়। আগের দিনের মতো আজও নয়া পল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রধান ফটকে ভেতর থেকে তালা দিয়ে ভেতরে অবস্থান করছেন রিজভী।




