রাজধানী ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বাংলাদেশে আলোচিত ইউটিওবার ও রাজনীতিক হিরো আলমসহ আটজনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এর আগেও বগুড়ায় হিরো আলমের মনোনয়পত্র বাতিল করা হয়েছিল। কিন্তু তিনি দুই বার হাইকোর্ট থেকে মনোনয়ন ফিরে পেয়ে নির্বাচনে অংশ নেন। এবং দুইবার হেরে যান।
জানা যায়, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে রওশন এরশাদপন্থী মো. মামুনূর রশিদ ও আলোচিত আশরাফুল হোসেন আলমসহ (হিরো আলম) আটজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। রোববার (১৮ জুন) আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়ন বাছাই করে মো. মুনীর হোসাইন খান এই তথ্য দেন।
তিনি জানান, আসনটিতে লড়াই করতে ১৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এরমধ্যে বাছাইয়ে সাত জনের মনোনয়ন বৈধ হয়েছে। বাকি আটজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির জিএম কাদেরপন্থী সিকদার আনিসুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, গণতন্ত্রী পার্টি মো. কামরুল ইসলাম (চেয়ারম্যান মনোনয়ন দিয়েছে), গণতান্ত্রী পার্টি অশোক কুমার ধর (মহাসচিব মনোনয়ন দিয়েছে), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন, তৃণমূল বিএনপি’র শেখ হাবিবুর রহমান।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন- জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, জাতীয় পার্টির রওশন এরশাদপন্থী মো. মামুনূর রশিদ, মো. তারিকুল ইসলাম ভূঞা (স্বতন্ত্র), আবু আজম খান (স্বতন্ত্র), আশরাফুল হোসেন আলম (হিরো আলম), মুসাউর রহমান খান (স্বতন্ত্র), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর মো. মজিবুর রহমান ও শেখ আসাদুজ্জামান জালাল।
রিটার্নিং কর্মকর্তা জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। পরদিন হবে প্রতীক বরাদ্দ। সবশেষে ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট নেওয়া হবে৷




