বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভদ্রলোকের যাওয়ার পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বিএনপি নেতা আজিজুল বারী হেলালের বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে করা রিটের শুনানিতে সোমবার হাইকোর্ট বলেছেন, ‘এই হাসপাতালের নামের সঙ্গে বঙ্গবন্ধুর নাম যুক্ত করে বঙ্গবন্ধু নামেরই বেইজ্জতি করা হয়েছে। বিএনপি, আওয়ামী লীগ কোনো সরকারই দেশে একটি ভাল মানের হাসপাতাল তৈরি করতে পারেনি। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি কে এম কামরুল কাদের বলেন, কিছু দিন আগে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে গিয়েছিলাম। সেখানে ভদ্রলোকের যাওয়ার পরিবেশ নেই।’ পরে আদালত আজিজুল বারী হেলালের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা রিটের আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন।




