নওগাঁর মহাদেবপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার (৫জুন) দুপুর দেড়টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাট চৌকগৌরী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তবে হতাহতদের নামপরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে একটি মালবাহী ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। অপরদিকে বিপরীত দিক থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা নওগাঁর দিকে যাওয়ার সময় পথিমধ্যে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাট চকগৌরী পাশে বাগাচারা এলাকায় পোঁছালে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর সংবাদ পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি রেখে পালিয়ে যায় চালক।মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনায় চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



