ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজধানীর কামরাঙ্গীর চরে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থক জামায়াত-শিবির-বিএনপিকর্মীরা। এছাড়া দেশ টিভি, বিএনপি কার্যালয়ের সামনে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে রোববার রাত ৯টা ২০ মিনিটে পুলিশের সামনেই হরতাল সমর্থকরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। প্রচণ্ড শব্দে এ সময় নয়াপল্টনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলের সামনে থাকা একজন জানান, বিএনপি অফিসের কয়েকগজ সামনে খালি জায়গায় হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেলটি কোন দিক থেকে ছোড়া হয়েছে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।
এদিকে রাত ৯টার পর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি লেগুনায় আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। অপরদিকে মৌচাকে দেশ টিভির সামনে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটানোর খবর পাওয়া গেছে।




