চট্টগ্রামে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘন্টায় পাঠানো ৮৭ নমুনার সবগুলোর করোনা নেগেটিভ এসেছে। পাঠানো নমুনাগুলোর মধ্যে মঙ্গলবার রাতে ৪৮টির ফলাফল আসলেও বুধবার দুপুরে বাকী ৩৯টির ফলাফল আসে।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, ৮৭ নমুনার ফলাফল এসেছে। কারো করোনা সনাক্ত নেই। সব নেগেটিভ।
চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী জানান, মঙ্গলবার পরীক্ষার জন্য মোট ৮৮ নমুনা গিয়েছিল বিআইডিআইটি-তে। এর মধ্যে ৮৭জন নতুন, আর একজন পুরনো পজেটিভ রোগী। তিনি জেনারেল হাসপাতালের আইসোলেশনে আছেন। নতুন রোগীর নমুনার কারো করোনা সনাক্ত হয়নি। তবে আগের পজেটিভ রোগী এখনও পজেটিভ আছে। তিনি বলেন, পজেটিভ রোগীকে একাধিকবার টেস্ট করাতে হয়, তাকে হাসপাতাল থেকে রিলিজের ছাড়পত্র দেওয়ার জন্য।
সূত্র জানায়, এ নিয়ে চট্টগ্রামে ২৪৯ নমুনার পরীক্ষা হলো। এর মধ্যে ২জন পজেটিভ। বাকী সবাই নেগেটিভ। মঙ্গলবার পাঠানো ৮৭ জনের নমুনা ছিল বিআইটিআইডি-তে পরীক্ষা শুরুর পর গত ১৪দিনের মধ্যে সর্বোচ্চ।
বিআইটিআইডির একটি সূত্র জানায়, তাদের যে লোকবল তাতে দিনে গড়ে ৪০টির মত নমুনা পরীক্ষা করা সম্ভব। হঠাৎ করে টেস্টের পরিমাণ বেড়ে যাওয়ায় মঙ্গরবার একদিনে সব রিপোর্ট দেওয়া যায়নি। বুধবার সকালে বাকীগুলো দেওয়া হয়েছে।




