বান্দরবান জামছড়ি মুখ পাড়ায় দুর্বৃত্তের গুলিতে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো ৫ জন বলে জানিয়েছেন রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু । আহতরা হলেন মংক্য চিং (২৫), ক্য প্রু মং (৪০), আদাসে (৩২) ,লা মং সিং (৩৫), সাবেক মেম্বার উ চ থোয়া (৬০)। এরা সবাই একই এলাকার বাসিন্দা । ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় জামছরি মুখ পাড়ার একটি চায়ের দোকানে আড্ডারত অবস্থায় তাদের উপর গুলি করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে এসে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তারা। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের কয়েকটি দল এসে এলোপাথাড়ি গুলি চালিয়ে চলে যায়। এ সময় গুলিতে ঘটনাস্থলেই ওই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়। এদিকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের লাশও উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এছাড়া এ ঘটনার সাথে পাহাড়ের কোন সন্ত্রাসীগোষ্ঠী জড়িত সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি পুলিশ । বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কারা এই ঘটনার সাথে জড়িত তা আমরা তদন্ত করে দেখছি ।




