চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
নগরীর রাহাত্তারপুল এলাকায় ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত শিবির কর্মীরা। রোববার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার আগেই তারা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে নগরীর রাহাত্তারপুল এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। মিছিলটি এক কিলোমিটার এলাকায় পৌছালে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। পরে পাঁচটি ককটেল ফাটিয়ে জামায়াত শিবির কর্মীরা বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যায়। এসময় অফিসগামী লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, বাকলিয়া এলাকায় কোন মিছিল হয়নি। চান্দগাঁও এলাকায় সকালে একটা মিছিল হয়েছে বলে শুনেছি। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ বলেন, আমি সকালে একটি মিটিংয়ে ছিলাম কোন মিছিল সমাবেশের খবর পাইনি।




