
বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
বিশ্বখ্যাত পপস্টার ম্যাডোনা প্রকাশ করলেন তার ধর্ষিত হওয়ার দুঃসহ অভিজ্ঞতা। নিউ ইয়র্কে তখন তিনি বড় গায়িকা হওয়ার জন্য সংগ্রাম করছিলেন। তখন ছুরির মুখে ধর্ষিত হয়েছিলেন তিনি।
৫৫ বছর বয়সী পপস্টার ম্যাডোনা ‘হারপারস বাজার’ ম্যাগাজিনের নভেম্বর সংখ্যায় প্রকাশিতব্য একটি কলামে বর্ণনা করেছেন নির্মম সে অভিজ্ঞতা। ‘আমি যেমন ভেবেছিলাম, নিউ ইয়র্ক তেমন ছিল না। উন্মুক্ত বাহু বাড়িয়ে এ শহর আমাকে আহ্বান জানায়নি। প্রথম বছর আমাকে অস্ত্রের মুখে একটি ভবনের ছাদে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমার পিঠে ছুরি বসিয়ে দেয়া হয়েছিল।’ লিখেছেন ম্যাডোনা।
ম্যাডোনা বলেন, ‘আমার অ্যাপার্টমেন্ট তিনবার ভেঙে ফেলা হয়েছিল। আমি জানি না কেন, আমার রেডিওটা নিয়ে যাওয়ার পর আমার কাছে দামি কিছুই ছিল না।’ ‘ ট্রুথ অর ডেয়ার’ নামের ওই কলামে তিনি জানিয়েছেন নিউ ইয়র্কে যাওয়ার জন্য তিনি মিশিগান ইউনিভার্সিটির নাচের স্কলারশিপ ত্যাগ করেছিলেন।
শুরুর দিকের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ম্যাডোনা জানিয়েছেন, তিনি গান ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন। ছিলেন পতনের প্রান্তে। নরকের অভিজ্ঞতা তাকে তাড়া করে ফিরছিল। এত একা থাকতেন যে, লড়াই করা কঠিন হয়ে পড়ছিল। প্রতিদিন নিজেকে সাহস যুগিয়ে চলতে হচ্ছিল।
‘কখনো কখনো আমি একা একা বসে কাঁদতাম। ভাবতাম, এতটা মূল্য কি আমাকে চুকাতে হবে?’ ম্যাডোনা নিউ ইয়র্কে এসেছিলেন মাত্র ৩৫ ডলার সাথে করে। আশা ছিল এটাকে বাড়াবেন। তার ভিন্নরকম জিন-ই তাকে নিরন্তর সাহস যুগিয়েছে।
‘আমি যদি সাহসের সাথে লড়ে না যেতাম, যদি আমার জীবনটা চালিয়ে না নিতাম, আমি হয়তো এই পৃথিবীর মুখটাই আর দেখতে পেতাম না।’ লিখেছেন ম্যাডোনা।




