ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে গণমাধ্যমের বিকাশ ও অগ্রযাত্রায় আওয়ামী লীগ সরকার সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি বলেন, ‘দেশের গণমাধ্যম এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। গত মেয়াদে আমরাই প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চালুর অনুমোদন দিই। দেশে গণমাধ্যমের বিকাশে যা ছিল এক স্বর্ণালি অধ্যায়।
এবার নতুন ১৬টি টেলিভিশন ও ৭টি রেডিও চ্যানেলের অনুমোদন দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংসদ টেলিভিশন চালুর ফলে গণমানুষের কাছে সংসদ কার্যক্রম পৌঁছানো অত্যন্ত সহজ হয়েছে। দেশের গণমাধ্যম এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।’ প্রধানমন্ত্রী আর্ন্তজাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ২৮ সেপ্টেম্বর শনিবার আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালন করা হচ্ছে।
এ উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী আরো বলেন, গণতান্ত্রিক অধিকার, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে বর্তমান সরকার জনগণের তথ্য জানার অধিকারকে বিশেষ গুরুত্ব দিয়েছে। নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আমরা ‘তথ্য অধিকার আইন ২০০৯’ পাস করি। এ আইন অনুযায়ী তথ্য কমিশন গঠন করি। এর ফলে জনগণ ও গণমাধ্যমের প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তির অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, এতে জনগণের ক্ষমতায়ন ত্বরান্বিত হয়েছে। আমরা জনস্বার্থ-সংশ্লিষ্ট তথ্য প্রদান (সুরক্ষা) আইন ২০১১’ প্রণয়ন করেছি। এর মাধ্যমে দুর্নীতি সংঘটন সম্পর্কিত ঘটনার সংবাদদাতাদের সুরক্ষা নিশ্চিত হয়েছে।




