সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি) কে দুইটি গাড়ি প্রদান করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার কাছে গাড়ি দুটির চাবি হস্তান্তর করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলগমীর শামসুল আলামিন (কাজল), রিহ্যাব’র ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া এবং ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া রিহ্যাবকে অভিনন্দন জানিয়ে বলেন, আগে পুলিশ তার কাজে গাড়ি রিকইুজিশন করলেও বিগত চার বছরে এই কাজ করা হয় না। পুলিশ নাগরিক এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ। পুলিশের কাজের জন্য সম্পদের সীমাবদ্ধতা থাকলেও দক্ষতার সাথে এই বাহিনী সুশৃঙ্খলভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, দেশের নাগরিকদের আবাসনের ব্যবস্থা করা এবং অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখায় তিনি রিহ্যাব সদস্যদের ধন্যবাদ জানাই। সকল ডেভেলপার রিহ্যাব সদস্য নয় তাদের সদস্য করার বিষয়ে রিহ্যাবকে সর্বাত্বক সহযোগিতা করা হবে বলে জানান তিনি। একই সাথে রিহ্যাব মেম্বারদের কাছে কেউ চাঁদাদাবি করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান।




