নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ করেছেন নগরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা রাজধানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত দুই শিক্ষার্থী হত্যার বিচারও দাবি করেন। ১ আগস্ট সকাল ১১টার দিকে নগরের কাজীরদেউড়ি, জামালখান মোড়, গণি বেকারি মোড়, গুলজার মোড় হয়ে বিক্ষোভ শেষে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, শুধু ঢাকায় নয়, চট্টগ্রামসহ দেশের সব এলাকায় পরিবহনে নৈরাজ্য বেড়েই চলছে। এ নৈরাজ্য থামানো না গেলে বাস চালকেরা ‘দানব’ হয়ে উঠবেন। সড়কে অকালেই ঝরবে তাজা প্রাণ। এ কারণে পরিবহন নৈরাজ্য থামানো জরুরি। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভে নগরের বিএএফ শাহীন কলেজ, মহসিন কলেজসহ নগরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভ করে। জনদুর্ভোগের কথা চিন্তা করে তাদেরকে দ্রুত কর্মসূচি শেষ করতে অনুরোধ করি। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।




