দেশে ফিরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার দায়িত্ব গ্রহণ সুদূরপরাহত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন মাহবুবে আলম। এর আগে গত ১৪ অক্টোবর এক সংবাদ সম্মেলনে একই মন্তব্য করেছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। মাহবুবে আলম বলেন, ‘আমি আগেও বলেছিলাম, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দায়িত্ব গ্রহণ সুদূরপরাহত। আজকেও বলছি। কারণ, অন্য বিচারপতিরা যদি উনার সঙ্গে না বসতে চান, তাহলে তিনি কীভাবে বিচার করবেন? মাহবুবে আলম আরো বলেন, ‘ষোড়শ সংশোধনীর রিভিউর সঙ্গে প্রধান বিচারপতির আসা না-আসার কোনো সম্পর্ক নেই। গত ১৩ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৭ ফ্লাইটে অস্ট্রেলিয়া যান প্রধান বিচারপতি।
গত ১ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটির কথা জানিয়ে চিঠি দেন। এখন তাঁর ছুটি ১০ নভেম্বর পর্যন্ত। গত ১৪ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গত ১৫ অক্টোবর আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে যে ১১টি অভিযোগ উঠেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) তার অনুসন্ধান করবে। অনুসন্ধানে সত্যতা পাওয়া গেলে আইন তার নিজস্ব গতিতে চলবে।
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় গত ১ আগস্ট প্রকাশিত হয়। ওই দিনই পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া হয়। রায় প্রকাশের পর এ নিয়ে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংক্ষুব্ধ হয়। বিশেষ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে আসছিলেন মন্ত্রী, দলীয় নেতা ও সরকারপন্থী আইনজীবীরা। তাঁরা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিও তোলেন।




