রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়জাতীয় শোক দিবসে রাষ্ট্রীয় কর্মসূচীতে অংশ নিতে টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় শোক দিবসে রাষ্ট্রীয় কর্মসূচীতে অংশ নিতে টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রাষ্ট্রীয় কর্মসূচীতে অংশ নিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন বৃহস্পতিবার।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় যাবেন এবং সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।

পরে তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করবেন। এসময় ৩ বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবেন।

বেলা ১১টায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে মসজিদ প্রাঙ্গণে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছবেন। এরপর সকাল ১০টায় তিনি বঙ্গবন্ধুর মাজারে পুস্পস্তবক অর্পণ,ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।

বেলা ১১ টায় মাজার কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে তিনি অংশ নেবেন। বেলা সাড়ে ১১ টায় তিনি ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

এছাড়াও জাতীয় শোক দিবসের কর্মসূচীতে জাতীয় সংসদের স্পীকার, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্যগণ, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার মহাসড়কে অসংখ্য কালো কাপড়ের বঙ্গবন্ধু তোরণ নির্মাণ করা হয়েছে। মাজার কমপ্লেক্স ও আশপাশের এলাকায় কালো পতাকা ও কালো কাপড় দিয়ে শোকের আবহ সৃষ্টি করা হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান,জাতীয় শোক দিবসের রাষ্ট্রীয় কর্মসূচীতে অংশ নিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া আসবেন।

তিনি জানান, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।সূত্র:বাসস

আরও পড়ুন

সর্বশেষ